মামলাজনিত কারণে নারায়ণগঞ্জ নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন মাছুয়া বাজার কালেকশন রাইট পয়েন্ট (ভগবানগঞ্জ ফেরিঘাটের যাত্রী ছাউনিসহ) এবং টানবাজার-কদমতলী এলাকার লেবার হ্যান্ডলিং পয়েন্ট—এই দুই স্থাপনার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য জারিকৃত ইজারার সম্মতিপত্র ও সাময়িক কার্যাদেশ (বরাদ্দপত্র) বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার (৩০ জুন) নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।
দপ্তর সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরের ইজারা টেন্ডারকে চ্যালেঞ্জ করে ২০২৫-২০২৬ অর্থবছরের ইজারাদার ঢাকার বিজ্ঞ সিভিল জজ আদালত-৮ এ মোকদ্দমা নং-৫৮/২০২৬ দায়ের করেন। ওই মামলায় আদালত স্থিতাবস্থা (Status Quo) ও স্থগিতাদেশ প্রদান করেন।
আদালতের ওই আদেশ কার্যকর থাকায় প্রধান কার্যালয়ের ৩০ জুন ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে পূর্বে ২৪ মে ২০২৬ তারিখে জারি করা ২০২৬-২০২৭ অর্থবছরের ইজারার সম্মতিপত্র ও সাময়িক কার্যাদেশের কার্যকারিতা বাতিল করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, আদালতের নির্দেশনা বহাল থাকা পর্যন্ত সংশ্লিষ্ট মাছুয়া বাজার কালেকশন রাইট পয়েন্ট এবং টানবাজার-কদমতলী লেবার হ্যান্ডলিং পয়েন্টের সকল কার্যক্রম মহামান্য আদালতের আদেশ অনুযায়ী পরিচালিত হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, নৌ-পুলিশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ বিআইডব্লিউটিএর বিভিন্ন বিভাগে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।