বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং তাঁদের অভিভাবকদের অসাধারণ সংগ্রাম, ভালোবাসা ও আত্মত্যাগকে সম্মান জানাতে ATN News আয়োজিত ‘পাওয়ার প্যারেন্টস ২০২৬’ অনুষ্ঠানে সহযোগী অংশীদার হিসেবে সম্পৃক্ত ছিল বিকেএমইএ। অনুষ্ঠানে বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ATN News-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. মাহফুজুর রহমান। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, কর্পোরেট ব্যক্তিত্ব, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাঁদের পরিবার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তব্যে মোহাম্মদ হাতেম বলেন, “এই বিশেষ শিশুদের মায়েদের আল্লাহ তাআলা উত্তম পুরস্কার প্রদান করবেন। তাঁদের ধৈর্য, ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসা আমাদের সবার জন্য অনুকরণীয়। একটি শিশুর বিকাশে পরিবারের এই অবদান ভাষায় প্রকাশ করার মতো নয়।”
তিনি আরও বলেন, “বিকেএমইএ সবসময় সঙ্গে থেকে এই বিশেষ শিশু এবং তাঁদের অভিভাবকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও সহমর্মী সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের সম্মাননা প্রদান করা হয় এবং তাঁদের অনুপ্রেরণাদায়ক জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হয়। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠানকেও সম্মাননা প্রদান করা হয়।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার, মর্যাদা ও সম্ভাবনার বিকাশে জনসচেতনতা সৃষ্টি এবং তাঁদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের এই মহৎ উদ্যোগে সহযোগী অংশীদার হিসেবে সম্পৃক্ত থাকতে পেরে বিকেএমইএ গর্বিত।