ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে ব্যবসায়ী মহল থেকেই ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নারায়ণগঞ্জের পরিবেশবান্ধব তৈরি পোশাক প্রতিষ্ঠান প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন প্রশাসক। দায়িত্ব গ্রহণের পর তিনি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
মো. ফজলুল হক এর আগে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফজলুল হক বলেন, “১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআইয়ের ব্যবসায়ী নেতৃত্ব ফিরিয়ে আনতে সরকার যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব।” এ লক্ষ্যে তিনি ফেডারেশনের সদস্যসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

গত ২৬ জুন সাবেক প্রশাসক মো. আবদুর রহিম খানের মেয়াদ শেষ হওয়ার পর প্রায় দেড় মাস এফবিসিসিআইয়ের প্রশাসকের পদ শূন্য ছিল।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি ওঠে। পরবর্তীতে সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করলে ওই বছরের ১১ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে।
হাফিজুর রহমান এক বছর দায়িত্ব পালন করলেও আদালতে একাধিক রিটের কারণে এফবিসিসিআই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরে ২০২৫ সালের অক্টোবরে বাণিজ্য মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে প্রশাসক করা হয়। তাকেও ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হলেও চলমান মামলার কারণে তা সম্ভব হয়নি। পরে তার মেয়াদ আরও চার মাস বাড়ানো হলেও গত ২৬ জুন সেই মেয়াদ শেষ হয়।
গত মে মাসে এফবিসিসিআই সংস্কার পরিষদের নেতারা সরকারি কর্মকর্তার পরিবর্তে একজন ব্যবসায়ীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান। সেই দাবি বাস্তবায়নের অংশ হিসেবেই এবার ব্যবসায়ী নেতা মো. ফজলুল হককে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে ব্যবসায়ী মহলে ধারণা করা হচ্ছে।
এখন ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করে ব্যবসায়ী নেতৃত্বের কাছে এফবিসিসিআইয়ের দায়িত্ব হস্তান্তর করাই নতুন প্রশাসকের প্রধান চ্যালেঞ্জ।