জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত MBA in Finance of Banking পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অর্জন করেছেন সাবেরা সুলতানা। অসাধারণ এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় সাবেরা সুলতানাকে এ সম্মাননা দেওয়া হয়। তার এ অর্জন উচ্চশিক্ষায় মেধা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেরা সুলতানার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; বরং দেশের উচ্চশিক্ষায় মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতিও। অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে দেশের অর্থনীতি ও বাণিজ্যিক খাতে কাজে লাগবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে সাবেরা সুলতানার সাফল্য এবং তার অর্জিত শিক্ষা ও দক্ষতার বাস্তব প্রয়োগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন এমপি। তিনি বলেন, সাবেরা সুলতানা যে শিক্ষা ও দক্ষতা অর্জন করেছেন, তা দেশের কাজে যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, সে বিষয়ে তিনি নিজ দায়িত্বে খোঁজ নেবেন।
শিক্ষা ও মানবসম্পদকে দেশের উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার উল্লেখ করে শিক্ষামন্ত্রী অর্জিত জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
সাবেরা সুলতানার এই সাফল্যে তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা মনে করেন, তার এই অর্জন দেশের অন্যান্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে।
সাবেরা সুলতানা ও তার পরিবারের পক্ষ থেকে দেশের কল্যাণে অর্জিত শিক্ষা ও দক্ষতা কাজে লাগানোর সুযোগ এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।