সংসদ অধিবেশন পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে তার প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সফরে ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীরা সংসদ ভবনের শপথ কক্ষে আসন গ্রহণ করে এবং সেখানে তাদের জন্য সংসদের স্থাপত্যশৈলী ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা দেওয়া হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিলো।’ এসময় দেশ বিনির্মানে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি।

এরপর উপস্থিত ছাত্র এবং শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিশুদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারনা দিতে মাননীয় শিক্ষামন্ত্রী সংসদে শিশুদের জন্য বরাদ্দকৃত ৫০ টি সিটসহ মোট ১৫০ টি সিট বরাদ্দ করতে মাননীয় স্পীকারকে পত্র প্রদান করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছেন।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী যেহেতু আজ সংসদে ভাষণ দিবেন, এজন্য শিক্ষামন্ত্রীর মাধ্যমে তিনি তাঁর প্রাক্তন কলেজ রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সংসদে আমন্ত্রণ জানান।