যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যতার সুযোগে নিষিদ্ধ সংগঠন দেশে শিষ্টাচার বহির্ভুতভাবে অপপ্রচার ও বিভ্রান্ত ছড়িয়ে রাজনীতিকে কলুষিত করতে চাইছে। তাদের সাথে যুক্ত হয়েছে একটু গুপ্ত রাজনৈতিক সংগঠন। তারা রাজনীতির নামে বাংলাদেশকে বট বাহিনীতে পরিনত করছে। তাদের এই ষড়যন্ত্রকে রুখতে জাতীয়তাবাদী যুবদল রাজপথে নেমেছে এবং থাকবে। সরকারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রকে প্রতিহত করতে যুবদল প্রস্তুত রয়েছে বলেও ঘোষণা দেন।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় জেলা ও মহানগর যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

মুরাদ আরো বলেন,কোন ব্যক্তির অপকর্মের দায় যুবদল নিবে না। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার দায় যুবদল নেবে না বলে ঘোষণা দিয়েছেন। ভবিষ্যতে দলের আদর্শের, পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে জানিয়ে যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে দলের স্বার্থে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
দেশে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভুত রাজনীতির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক, শফিকুল ইসলাম ও সাজেদুল ইসলাম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জেলার বিভিন্ন থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা পৃথক মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরির প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভ চত্ত্বরে গিয়ে শেষ হয়।