দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য কাটিয়ে বগুড়ার সার্বিক উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং এ লক্ষ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার অবকাঠামো, নগরায়ণ ও নাগরিক সেবার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টায় বগুড়া জেলা প্রশাসন অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘বগুড়া জেলা ও বগুড়া সিটি করপোরেশনের সমন্বিত উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা’-এ এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় দীর্ঘদিন ধরে বগুড়া উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কারণে এ অঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছিল। বর্তমান সরকার সেই বৈষম্য দূর করে বগুড়াকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে কাজ করছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, কোনো উন্নয়ন প্রকল্প দায়সারাভাবে প্রণয়ন বা মনিটরিং করা যাবে না। দায়িত্ব পালনে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, প্রায় ২০ বছর পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়ন ঘাটতি পূরণে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
তিনি জানান, বগুড়া জেলার সার্বিক উন্নয়নের জন্য প্রায় ৩ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প এবং জেলার ১২টি পৌরসভার উন্নয়নে আরও প্রায় ২ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললেই এসব প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে, যা জেলার অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবায় নতুন গতি আনবে।

মতবিনিময় সভায় জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা জেলার সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নগর উন্নয়নসহ বিভিন্ন খাতের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। এসব বিষয়ে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
সভায় সিদ্ধান্ত হয়, পিছিয়ে পড়া বগুড়ার দীর্ঘমেয়াদি, পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে, যা জেলার উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ করে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা প্রণয়ন করবে।
বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশীদ, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসাইন, জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।