তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।
শনিবার (১ আগস্ট) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং শারীরিক শিক্ষা শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ কারণেই বর্তমান সরকার খেলাধুলাকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে।

তিনি বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি দেশের তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি জাতীয় উদ্যোগ। শহর ও গ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন নিজেদের প্রতিভা বিকাশের সমান সুযোগ পায়, সে লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার পরিবেশ সৃষ্টি, খেলার মাঠ সংরক্ষণ, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আসন্ন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সফল করতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি করে ফুটবল বিতরণ করেন প্রতিমন্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন, প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির সদস্য প্রধান শিক্ষক হারুনুর রশিদ মাস্টার এবং প্রধান শিক্ষক তাজুল ইসলাম।