ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি বৈরী সরকার ক্ষমতায় আসতে পারে। এতে ওয়াশিংটনের সঙ্গে দেশটির সামরিক সহায়তা ও কৌশলগত সম্পর্ক হুমকির মুখে পড়তে পারে। তিনি বলেন, ইসরায়েলকে নতুন আন্তর্জাতিক জোট গড়ে তুলতে হবে।
একই সঙ্গে আগামী এক দশকে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত প্রায় ৪৫০ বিলিয়ন শেকেল বরাদ্দের পরিকল্পনার কথা জানান তিনি।
ইসরায়েলের ২৭ অক্টোবরের নির্বাচনের নয় দিন আগে এক অনুষ্ঠানে নিজের নিরাপত্তানীতি তুলে ধরার সময় এসব মন্তব্য করেন নেতানিয়াহু। এর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো প্রকাশ্যে নেতানিয়াহুর পুনর্নির্বাচনের প্রতি সমর্থন জানান।
নেতানিয়াহু বলেন, ‘দুই বছর পর এমন একজন প্রেসিডেন্ট ক্ষমতায় আসতে পারেন, তিনি পুরুষ বা নারী–যে কেউ হতে পারেন, যিনি ইসরায়েলের প্রতি অত্যন্ত বৈরী হবেন। তখন আপনারা কীভাবে পরিস্থিতি সামাল দেবেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে কীভাবে সম্পর্ক বজায় রাখবেন? আর এর বাইরেও কী ধরনের সমাধান প্রয়োজন হবে?’
ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো সরকার ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়া বন্ধ করতে পারে, এমনকি দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অস্ত্র নিষেধাজ্ঞায় যোগ দিতে পারে–এমন আশঙ্কার প্রেক্ষাপটে এসব মন্তব্য করেন নেতানিয়াহু।
নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের নীতিতে সম্ভাব্য বড় পরিবর্তনের জন্য প্রস্তুতি নেয়ার পাশাপাশি ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের বাকি বছরগুলো কাজে লাগিয়ে ইসরায়েলকে নিজেদের অবস্থান শক্তিশালী করতে হবে।