চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চবিদ্যালয়। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের ভোটকেন্দ্র এটি। আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত প্রথম আড়াই ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে ৬ দশমিক ৩১ শতাংশ। ৯টি ভোটকক্ষে ভোট দিয়েছেন ৩২৮ জন ভোটার। নগরের এই ভোটকেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ১৯৬ জন। নারী ও পুরুষের জন্য যথাক্রমে ৩টি ও ৬টি করে ভোটকক্ষ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ভোটকেন্দ্রের মূল ফটকের বাইরে প্রার্থীর সমর্থকদের ছোট জটলা। তবে কেন্দ্রের ভেতরে প্রায় ফাঁকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া প্রহরা রয়েছে কেন্দ্রে।
এই আসনে ১০ জন প্রার্থী থাকলেও ভোটকক্ষে সবার পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন না। শুধুমাত্র বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান এবং জামায়াতে ইসলামের এ কে এম ফজলুল হকের এজেন্টরা উপস্থিত ছিলেন।
সকালে ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন ৮৫ বছর বয়সী নরেশ চন্দ্র ধর। তাঁর বাড়ি ভোটকেন্দ্রের পাশের হাজারী গলিতে। এই প্রবীণ ভোটার বলেন, স্বাধীনতার আগের নির্বাচনে প্রথম ভোট দিয়েছিলেন এবং দেশের প্রায় প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছেন। এবারও ভোট দিলেন। তিনি বলেন, ভোটের পরিবেশ বেশ ভালো, শান্তিপূর্ণ এবং পাড়ার লোকজনও ভোট দিতে আসছেন।

একই কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন রেস্তোরাঁ মালিক মিলন চক্রবর্তী। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছিলেন। তিনি বলেন, সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল, তবে দুপুরের মধ্যে তা বাড়বে বলে আশা করছেন।
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাসান মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, ‘এখন পর্যন্ত ভোটকেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোর। কোনো অভিযোগ পাওয়া যায়নি।’ তিনি আরো বলেন, ‘মোট ১০ জন প্রার্থী হলেও, কেবল দুজনের পোলিং এজেন্ট আছেন। অন্যরা কেন এজেন্ট দিতে পারেননি, তা আমি জানি না।’
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে মোট ১০ জন প্রার্থী আছেন। তাদের মধ্যে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান এবং ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামের এ কে এম ফজলুল হক। অন্য প্রার্থীরা হলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুস শুক্কুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ, বাসদ (মার্ক্সবাদী) মো. শফি উদ্দিন কবির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নঈম উদ্দীন, নাগরিক ঐক্যের মো. নুরুল আবছার মজুমদার, জনতার দলের মো. হায়দার আলী চৌধুরী এবং জেএসডির আবদুল মোমেন চৌধুরী।
চট্টগ্রাম-৯ আসনে মোট ভোটার ৪১৬,৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ২১৩,৯০৬ জন, নারী ২০২,৪৪৮ জন এবং হিজড়া ৯ জন। তাঁরা ১২১টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।