বিদেশি অতিথিদের তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়ার একাধিক দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধি। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালসহ পাঁচটি দেশের প্রতিনিধিদল ঢাকায় আসছেন। এ ছাড়া যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও অনুষ্ঠানে যোগ দেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, সম্ভাব্য উপস্থিতির সংখ্যা ধরে আমন্ত্রণপত্র প্রস্তুত করা হচ্ছে এবং নিরাপত্তাসহ সার্বিক আয়োজন চূড়ান্ত করা হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল চারটায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভারতের পক্ষে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি অংশ নেবেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু নিজে উপস্থিত থাকতে পারেন।
এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। তালিকায় রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পেলেও পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না। একই সময়ে অনুষ্ঠিতব্য ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিটে তার অংশগ্রহণের কথা থাকায় ভারতের প্রতিনিধিত্ব করছেন লোকসভার স্পিকার।
সব মিলিয়ে নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে দেশি–বিদেশি কূটনৈতিক অঙ্গনে বাড়তি আগ্রহ ও ব্যস্ততা দেখা যাচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে। দলটি এককভাবে ২০৯টি আসনে জয়ী হয়েছে। শরিক দলসহ জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২-এ। ফল ঘোষণা স্থগিত থাকা আরও দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। প্রায় দুই দশকের বেশি সময় পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে দলটি।