পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ। একই সঙ্গে পদত্যাগ করেছেন কমিশনার মোছা. আছিয়া খাতুন ও কমিশনার মো. জহুরুল হকও।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) তারা পদত্যাগ করেন।
এদিন বিকেল সাড়ে ৩টায় দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল দুদক সংস্কার কমিশনের। বৈঠকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে সংস্কার কমিশনের সদস্যদের উপস্থিত থাকার কথা ছিল। এর আগেই পদত্যাগ করলেন চেয়ারম্যান ও ২ কমিশনার।

গত ৩ অক্টোবর দুদক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন ৩ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে কমিশনের প্রস্তুতকৃত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
