বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি গঠনের মাত্র একদিনের মাথায় পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত।
সোমবার (৮ জুন) তিনি বিসিবি সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করে দায়িত্ব পালন করতে অপারগতার বিষয়টি তুলে ধরেন।
মীর শাকরুল আলম সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পুত্র। পদত্যাগপত্রে তিনি জানান, রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেও তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর ন্যস্ত রয়েছে।
তিনি উল্লেখ করেন, এই দায়িত্ব পালনের পাশাপাশি বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না। এ কারণে দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিনি পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি বিসিবি সভাপতির কাছে তার পদত্যাগ গ্রহণের অনুরোধও জানান।
উল্লেখ্য, রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় মীর শাকরুল আলম সীমান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন। তবে নির্বাচনের আগেই তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। নির্বাচিত হওয়ার একদিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন।