বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ায় জলবায়ু সহনশীল মৌচাষ ও মৌজাত পণ্যের উপকারিতা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকাল ১১টায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মৌচাষ শুধু একটি লাভজনক অর্থনৈতিক কার্যক্রম নয়, এটি পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মৌমাছির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৌচাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যুব সমাজ ও নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে মৌভিত্তিক শিল্পের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। মৌচাষ শিল্পের উন্নয়নে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী জানান, বগুড়াকে কেন্দ্র করে মিল্কভিটার আদলে মৌচাষীদের জন্য একটি সমবায়ভিত্তিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মৌচাষীদের জন্য নিশ্চিত কর্মসংস্থান সৃষ্টি এবং এ খাতকে আরও সংগঠিত ও সম্প্রসারিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরডিএ’র কর্মকর্তা, প্রশিক্ষক, মৌচাষি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে আরডিএ প্রাঙ্গণে প্রধান অতিথি বৃক্ষরোপণ করেন।