নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, সারা দেশে মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই গড় হিসাব পাওয়া গেছে।

তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রগুলোর তথ্যানুযায়ী ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে। গ্রামীণ জনপদে ভোটারদের উপস্থিতি শহরাঞ্চলের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে বলেও জানান তিনি।
আখতার আহমেদ বলেন, এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে ভোট স্থগিত হয়নি৷ সব কেন্দ্রে ভোট চালু আছে।
তিনি আরও বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।