আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচে রেফারির ভূমিকায় হতবাক বিশ্ব। আলবিসেলেস্তেদের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও মিশর হেরে যায় ৩-২ ব্যবধানে। এরপরই মিশরের কোচ ও খেলোয়াড়রা এই পরাজয়ের জন্য রেফারির দিকে আঙুল তুলেছেন।
বিতর্কের কেন্দ্রে থাকা এই রেফারির নাম ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। তিনি বিশ্ব ফুটবলের পরিচিত মুখ। তবে মিশরের বিপক্ষে নেয়া তার সিদ্ধান্তগুলো অনেকের কাছেই প্রশ্নের জন্ম দিয়েছে। এতেই নতুন করে আলোচনায় লেতেক্সিয়ে।
লেতেক্সিয়ের জন্ম ১৯৮৯ সালে ফ্রান্সের ব্রিটানিতে। ২০১৬ সালে ফরাসি লিগ ওয়ানে নিজের যাত্রা শুরু করেন তিনি। ২০১৭ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃতি পাওয়ার পর তিনি দ্রুতই উয়েফার এলিট ক্যাটাগরির রেফারি হন। ইউরোপীয় ফুটবলের বড় বড় ম্যাচে তার নিয়মিত উপস্থিতি দেখা গেছে।

২০২১ ইউরোপা লিগ ফাইনাল, ২০২৩ উয়েফা সুপার কাপ ফাইনাল, ইউরো ২০২৪ ফাইনাল ও ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাঁশি হাতে দেখা গেছে লেতেক্সিয়েকে।
তার ক্যারিয়ারের প্রথম বড় ধরনের বিতর্কিত সিদ্ধান্ত ছিল ২০২২ সালে নিস বনাম নঁতের একটি ম্যাচে। সেদিন ভিএআর ব্যবহার করে নঁতের পেনাল্টি না দেয়ার সিদ্ধান্তটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। ওই কার্ডের বন্যাও বইয়ে দিয়েছিলেন তিনি। দিয়েছিলেন সাতটি হলুদ এবং দুটি লাল কার্ড।
বিশ্বকাপের চলতি আসরে আর্জেন্টিনা–মিসর ম্যাচের আগে দুটি ম্যাচ পরিচালনা করেছিলেন লেতেক্সিয়ে। ওই দুই ম্যাচে মোট আটটি হলুদ কার্ড দেখিয়েছিলেন তিনি। তবে কোনো পেনাল্টি দেননি। দেননি লাল কার্ডও।
তবে আর্জেন্টিনা-মিশরের ম্যাচের পর ব্যাপক সমালোচিত হচ্ছেন লেতেক্সিয়ে। আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে মিশরের দুটি পেনাল্টির দাবি নাকচ, আর ভিএআরের ভূমিকা নিয়ে চলছে তোলপাড়।








