তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন। এ লক্ষ্য বাস্তবায়নে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার (৯ মার্চ ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর কাজী নজরুল ইসলাম হলে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমে গুণগত পরিবর্তন আনতে হলে সাংবাদিক সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের অভিজ্ঞতা, মতামত এবং বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার গণমাধ্যমের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে চায়।
মন্ত্রী আরও বলেন, সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতায় বিশ্বাস করে। তবে সেই স্বাধীনতা যেন কোনোভাবেই নৈরাজ্যে পরিণত না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিক নেতৃত্বের সঙ্গে আলোচনা করে স্বাধীনতা চর্চার প্রয়োজনীয় নিয়মকানুন নির্ধারণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এসব নীতিমালা সাংবাদিক সমাজের ভেতর থেকেই উঠে আসবে এবং তা গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে।
জহির উদ্দিন স্বপন বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ গণমাধ্যম সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান এখনো পুরনো কাঠামোর মধ্যে পরিচালিত হচ্ছে। বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে এই পুরনো কাঠামো দিয়ে আধুনিক সাংবাদিকতা পরিচালনা করা সম্ভব নয়। তাই প্রচলিত গণমাধ্যমের পাশাপাশি নিউ মিডিয়ার জগতে প্রবেশ করতে হলে একটি সমন্বিত রূপান্তর প্রক্রিয়া প্রয়োজন।
তিনি বলেন, সরকার সাংবাদিকদের সঙ্গে পরামর্শ করে গণমাধ্যম খাতের জন্য একটি সুস্পষ্ট পথনকশা প্রণয়ন করতে চায়। এই পথনকশার মাধ্যমে দেশের গণমাধ্যমকে ধীরে ধীরে একটি ডিজিটালাইজড ও আধুনিক মিডিয়া ইকোসিস্টেমে রূপান্তর করা সম্ভব হবে।
অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ, সাব-এডিটরস কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।